রামনগর বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার। শনিবার দিনভর বিভিন্ন এলাকা ঘুরে কাজের মান ও অগ্রগতি পর্যালোচনা করেন তিনি।
প্রথমে রামঠাকুর লেনের একটি ব্যক্তিগত মালিকানাধীন দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর পরিদর্শন করেন মেয়র। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, পুকুরটি সংস্কার করে ব্যবহারযোগ্য করে তোলা হোক। এলাকাবাসীর সেই দাবিকে গুরুত্ব দিয়ে পুর নিগমের উদ্যোগে পুকুর সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এরপর তিনি রামনগর ৮ নম্বর রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেন। প্রায় ৫০ বছর ধরে অবহেলিত এই রাস্তার পুনর্নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। ড্রেন ঢাকার পাশাপাশি সম্পূর্ণ রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকরা।
পরবর্তীতে রঞ্জিতনগরের পুকুর সংস্কার প্রকল্পও খতিয়ে দেখেন মেয়র। চলমান কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য শহরবাসীর কাছে কিছুটা সময় চান তিনি।
দীপক মজুমদার জানান, আগামী ছয় মাসের মধ্যেই আগরতলা শহরের পরিকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন আসবে এবং নাগরিক পরিষেবার মান আরও উন্নত হবে।