চিকিৎসকের অবহেলায় নয় বছরের অস্মির মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ত্রিপুরা
নাগাল্যান্ডের ডজুকো ভ্যালি থেকে উদ্ধার হল ত্রিপুরার নিখোঁজ তরুণ ব্লগার প্রণব দাসের মৃতদেহ। প্রায় একমাস ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার বিকেলে তাঁর দেহ উদ্ধার হওয়ায় গোটা রাজ্যে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর এলাকার বাসিন্দা প্রণব দাস গত ৪ জানুয়ারি ডজুকো ভ্যালি ভ্রমণে গিয়েছিলেন। ওইদিন ভিসওয়েমা গ্রামের ডজুকো টিকিট কাউন্টারে তাঁকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পেয়ে ১৩ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। সাউদার্ন আংগামি ইয়ুথ অর্গানাইজেশন (SAYO), সাউদার্ন ডজুকো গাইড কাউন্সিল এবং বিভিন্ন স্থানীয় যুব সংগঠনের স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি যৌথ উদ্ধারকারী দল গঠন করা হয়। পাশাপাশি সাউথ ও খুজামা থানার পুলিশও অভিযানে অংশ নেয়।
অবশেষে ৬ ফেব্রুয়ারি বিকেল প্রায় ৪টা নাগাদ ডজুকো কেয়ারটেকারদের কাছ থেকে খবর মেলে, হেলিপ্যাড এলাকার নিচে নদীর ধারে একটি দেহ পড়ে রয়েছে। রাতের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দেহটি জলস্রোত থেকে কয়েক ফুট দূরে পড়ে ছিল। তীব্র ঠান্ডার কারণে দেহে পচনের কোনও চিহ্ন বা দুর্গন্ধ ছিল না। পরে মৃতদেহটি ডজুকো বেস ক্যাম্পে এনে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
প্রণবের মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
একজন তরুণ ব্লগার হিসেবে ভ্রমণপ্রিয় প্রণবের এমন অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও রাজ্যবাসীর মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সকলেই।