আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আগরতলা শহরজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করতে চলেছে আগরতলা পুর নিগম। বেআইনি দখলদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।বুধবার এক সাংবাদিক সম্মেলনে মেয়র জানান, শহরে ক্রমবর্ধমান যানজট, ফুটপাত দখল এবং জনদুর্ভোগের অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা করে অভিযান শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।মেয়রের কথায়, “আগরতলাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হলে বেআইনি দখলদারদের সরানো জরুরি। ফুটপাত পথচারীদের জন্য, ব্যবসার জন্য নয়।”তিনি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ব্যস্ত রাস্তায় ফুটপাত দখল এবং যত্রতত্র দোকান বসানো, গাড়ি ও বাইক পার্কিংয়ের ফলে প্রায়ই তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা দেখা দিচ্ছে। তাই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো হবে।মেয়র আরও জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও এসেছে এবং শহরকে যানজটমুক্ত রাখতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনেই পুর নিগম এই পদক্ষেপ নিচ্ছে।পুর নিগমের দাবি, এই অভিযানের ফলে শহরে যান চলাচল আরও স্বচ্ছন্দ হবে, ফুটপাত পথচারীদের জন্য নিরাপদ হবে এবং সামগ্রিকভাবে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকবে।