কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মনরেগা প্রকল্প পরিবর্তন ও দুর্বল করার অভিযোগ তুলে সরব হল কংগ্রেস। শনিবার তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের নীতির কড়া সমালোচনা করেন রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ।তাঁর অভিযোগ, গ্রামীণ দরিদ্র মানুষের কাজ ও জীবিকার অধিকার কেড়ে নিতে পরিকল্পিতভাবে মনরেগা প্রকল্পের কাঠামো বদল করা হচ্ছে। তিনি বলেন, “গরিবের কাজ কেড়ে নিয়ে সরকার কর্পোরেট স্বার্থ রক্ষা করছে। মনরেগা ছিল মানুষের আইনি অধিকার, সেটাকেই দুর্বল করার চেষ্টা চলছে।”সর্বানি ঘোষ দাবি করেন, প্রকল্পের নাম পরিবর্তন করে ভিবি জি রাম জি করা হয়েছে এবং নতুন ব্যবস্থায় পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা কমিয়ে ঠিকাদারদের হাতে কাজের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর ফলে স্বচ্ছতা কমছে এবং সাধারণ শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন।তিনি আরও অভিযোগ করেন, বরাদ্দ কমানো, কাজের দিনের সংখ্যা হ্রাস এবং সময়মতো মজুরি না দেওয়ার কারণে গ্রামীণ পরিবারগুলি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। তাঁর কথায়, “কাজ চাইলে লাঠি, প্রশ্ন তুললে নোটিস—এটাই এখনকার শাসনের চিত্র।”সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকেও একে একে দুর্বল করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে মহিলা ও শিশুদের উপর। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কাজের অভাবে গ্রামীণ মানুষ দিশেহারা হলেও সরকার শুধুমাত্র আত্মপ্রচারে ব্যস্ত বলেও কটাক্ষ করেন তিনি।শেষে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, মনরেগা-সহ জনকল্যাণমূলক প্রকল্পগুলি রক্ষার দাবিতে প্রয়োজনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে দল। সাধারণ মানুষের স্বার্থে এই ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও জানানো হয়।