সত্য ও অহিংসার প্রতীক, জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এমজিএনরেগা বাতিলের বিরুদ্ধে প্রায় চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একইসঙ্গে গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কংগ্রেস নেতৃত্বরা। এরপর কংগ্রেস নেতা-কর্মীরা গান্ধীঘাটের শহীদ বেদীতে গিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরবর্তী সময়ে মনরেগা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কংগ্রেস নেতা-কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, বর্তমান বিজেপি সরকার কার্যত মহাত্মা গান্ধীর আদর্শকে অবজ্ঞা করছে। তাঁর বক্তব্যে তিনি বলেন, বাপুর আদর্শ আজও ন্যায়বিচার, শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পথে চলার অনুপ্রেরণা দেয়।
তিনি আরও দাবি করেন, এমজিএনরেগা বাতিল করে নতুন ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে, যা দেশের গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থের পরিপন্থী। এমজিএনরেগা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দরিদ্র শ্রমিকরা কর্মসংস্থানের সুযোগ পেতেন, কিন্তু এই প্রকল্প বাতিল হলে গ্রামীণ অর্থনীতি ও শ্রমজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিন কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে এমজিএনরেগা প্রকল্প বহাল রাখা এবং ভি বি-জি রাম জি প্রকল্পের সিদ্ধান্ত প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়।