আগরতলা পুর নিগমের পূর্ব জোনের ২৫ নম্বর ওয়ার্ডে একটি আধুনিক পার্ক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজ। ধলেশ্বর দেবেন্দ্র রোডে প্রস্তাবিত এই পার্কটি প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে। ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পাশাপাশি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও অন্যান্য জনপ্রতিনিধি।পার্কের পাথর স্থাপন উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, এই নতুন উদ্যোগ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য নিরাপদ খেলাধুলার পরিবেশ এবং পরিবারের জন্য একটি পরিচ্ছন্ন বিনোদন ক্ষেত্র তৈরি হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। তাঁর দাবি, পার্কটি শুধু অবসর বিনোদন নয়, এলাকাবাসীর সামাজিক মেলামেশার কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।স্থানীয়দের মতে, নতুন পার্ক নির্মাণ হলে অঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বাসিন্দাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বহুদিন ধরেই এমন একটি পরিসরের দাবি ছিল এলাকায়, যা এবার বাস্তবে রূপ পেতে চলেছে।