ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব ফের তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর হাওড়ার ‘অটল সম্মান সমারোহ ২০২৬’-এর মঞ্চে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, “মৃত মানুষের ভোটে টিকে আছে পশ্চিমবঙ্গ সরকার।”
বিপ্লব দেবের দাবি, পশ্চিমবঙ্গে বহু মানুষ বহু আগেই মারা গেলেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েনি। সেই মৃত মানুষের নামেই নাকি প্রতি নির্বাচনে ভোট পড়ে, আর সেই “প্রেত ভোটের” জোরেই ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁর কথায়,
“যাঁরা মারা গেছেন তাঁদের স্বর্গে যেতে দিচ্ছে না তৃণমূল সরকার। তাঁদের ভোটেই চলছে প্রেতশক্তির সরকার।”
বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্রকে বিকৃত করে তৃণমূল নিজেদের ক্ষমতা ধরে রাখতে চাইছে। সাধারণ মানুষের স্বার্থ, নিরাপত্তা কিংবা উন্নয়নের প্রতি সরকারের কোনও দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভা থেকে বিপ্লব দেব ভবিষ্যদ্বাণী করেন—এই পরিস্থিতির পরিবর্তন খুব শীঘ্রই ঘটবে এবং আগামী দিনে বিজেপি-ই পশ্চিমবঙ্গে জনতার সরকার গঠন করবে। তিনি রাজ্যের মানুষকে ভোটে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বিপ্লব দেবের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তাঁর অভিযোগ ও কটাক্ষ ঘিরে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।