সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন ত্রিপুরার বিশিষ্ট ব্যক্তিত্ব নরেশ চন্দ্র দেববর্মা। দেশের রাষ্ট্রপতি ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মান তুলে দেবেন।পদ্মশ্রী মনোনয়নের খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে। সাংসদ বিপ্লব কুমার দেব নরেশ চন্দ্র দেববর্মাকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর সাহিত্য ও শিক্ষার প্রতি নিষ্ঠা ত্রিপুরার জন্য গর্বের। বিপ্লব দেবের বক্তব্য—“দেববর্মার এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মান নয়, সমগ্র ত্রিপুরাবাসীর সাফল্য।”ত্রিপুরার মুখ্যমন্ত্রীও সামাজিক মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানান। তিনি লেখেন, ককবরক ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে দেববর্মার ভূমিকা অনন্য। ২০২৪ সালে রাজ্য সরকার তাঁকে ‘ত্রিপুরাভূষণ’ সম্মান দিয়েছিল। এবার জাতীয় স্তরের স্বীকৃতি ত্রিপুরার গৌরব আরও বাড়াবে। তাঁর মতে, নরেশ চন্দ্র দেববর্মার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে প্রেরণাদায়ক হয়ে থাকবে।উল্লেখ্য, পদ্ম পুরস্কার দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী—এই তিন বিভাগে শিল্প, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান-প্রযুক্তি, জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রতি বছর পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করা হয়।২০২৬ সালে মোট ১৩১ জন পদ্ম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বের নাম চূড়ান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ ও ১১৩টি পদ্মশ্রী। এদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা, ৬ জন বিদেশি/প্রবাসী ভারতীয় এবং ১৬ জন মরণোত্তর সম্মানপ্রাপ্ত।