আয়ুষ মিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাড়ল রাজনৈতিক চাপানউতোররাজ্যের উচ্চ আদালতের ঐতিহাসিক রায় কার্যকর হওয়ার আগেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় বিজেপি নেতৃত্বাধীন “ট্রিপল ইঞ্জিন” সরকারের বিরুদ্ধে সরাসরি আদালত-অমাননার অভিযোগ আনল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার এক সরকারি বিবৃতিতে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই অভিযোগ তুলে ধরেন।প্রবীরবাবু জানান, ২০০১ এবং ২০০৭ সালে স্থায়ী পদে স্থির বেতনে নিয়োগের সিদ্ধান্তকে উচ্চ আদালত সম্প্রতি সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছে। রায় অনুযায়ী ওইসব নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে প্রাপ্য স্কেল, বকেয়া বেতন এবং ৯ শতাংশ হারে সুদসহ দুই মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সেই সঙ্গে আদালতের নির্দেশ—এ ধরনের অসংবিধানিক নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে নিষিদ্ধ।তবে কংগ্রেসের অভিযোগ, রায় ঘোষণার কয়েক দিনের মধ্যেই রাজ্য আয়ুষ মিশন নতুন করে বিভিন্ন স্থির বেতনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ জানুয়ারি ২০২৬ তারিখে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আয়ুষ দপ্তরের আইএসএস অধিকর্তা। কংগ্রেসের মতে, “এটি আদালতের নির্দেশকে স্পষ্টভাবে অগ্রাহ্য করার চেষ্টা।”প্রবীর চক্রবর্তী মন্তব্য করেন,“সরকারের এই সিদ্ধান্ত শিক্ষক-কর্মচারী এবং কর্মপ্রার্থীদের প্রতি অযত্ন ও অবজ্ঞার পরিচয় দেয়। আদালতের রায় মানতে অনীহা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে।”বিবৃতিতে প্রদেশ কংগ্রেস দ্রুত ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি আদালতের রায় এক মুহূর্ত দেরি না করে কার্যকর করার জন্য রাজ্য সরকারের প্রতি চাপ বাড়িয়েছে দলটি। কংগ্রেসের বক্তব্য—এটাই রাজ্যের কর্মসংস্থান, আর্থসামাজিক স্বার্থ ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষার একমাত্র পথ।