ত্রিপুরায় নতুন উন্নয়নমূলক উদ্যোগের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের (ডোনার) ক্যাবিনেট মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া আগামী শুক্রবার তিন দিনের সফরে রাজ্যে আসছেন। ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় রাজ্যে চলমান ও আসন্ন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও পর্যালোচনা করবেন তিনি। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা উপস্থিত থাকবেন।যতোই সফরের দিন ঘনিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রস্তুতি। আজ সচিবালয়ে এই সফরকে সফল করতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সফরসূচি, নিরাপত্তা, প্রকল্প পরিদর্শন, শিলান্যাসের স্থান নির্বাচনসহ সার্বিক আয়োজনে প্রয়োজনীয় সকল দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, মুখ্যসচিবসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আমলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সফরকালীন প্রতিটি কর্মসূচিতে যথাযথ সমন্বয়, লজিস্টিক ব্যবস্থাপনা, এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।প্রশাসনের এক কর্মকর্তা জানান, ডোনার মন্ত্রকের এই সফর ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প, সংযোগ ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে নতুন বিনিয়োগ—এসব ক্ষেত্রেই নতুন গতি মিলতে পারে।ত্রিপুরায় ইতিমধ্যেই ডোনারের অর্থায়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন। এবার কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আরও বহু প্রকল্পের শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে রাজ্যের উন্নয়নযাত্রায় যুক্ত হবে নতুন অধ্যায়।সরকার ও প্রশাসনের আশা, এই সফরের মাধ্যমে কেন্দ্র–রাজ্যের সমন্বয় আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।