আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে ফের শাসক বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার টাকারজলায় রাংখল বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জনজাতিদের সমর্থন বিজেপি পাবে না।এদিন অনুষ্ঠানে একটি ৫০০ আসনবিশিষ্ট কমিউনিটি হলের শিলান্যাস করা হয়। ওই অনুষ্ঠানে প্রদ্যোত কিশোর দেববর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন টিটিএএডিসি-এর চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, তিপ্রা মথার নেতা বিজয় রাঙখল, রাজেশ্বর দেববর্মন-সহ দলের একাধিক শীর্ষ নেতা।সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত কিশোর বলেন, জনজাতিদের ইতিহাস, জমি এবং পরিচয় নিয়ে কোনও আপস করা হবে না। তিনি বলেন, তিপ্রাসাদের দমিয়ে রাখার চেষ্টা হলে তার জবাব শান্তিপূর্ণভাবেই দেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, রাজনৈতিক চাপ বা আর্থিক প্রলোভন দিয়ে তিপ্রাসাদের মন জয় করা সম্ভব নয়।মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিপ্রা মথা সুপ্রিমো বলেন, যতই রাজনৈতিক কৌশল নেওয়া হোক না কেন, তিপ্রা মথাকে পরাজিত করা যাবে না। তাঁর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে দল ও জাতির লড়াইয়ের পার্থক্য। তিনি জানান, অন্যরা ক্ষমতার জন্য লড়াই করলেও তিপ্রা মথা জনজাতিদের অধিকার ও সম্মানের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।বক্তৃতায় জনজাতিদের মৌলিক দাবিগুলিও তুলে ধরেন তিনি। শিক্ষা, ভূমি সুরক্ষা এবং রোমান হরফে ভাষার স্বীকৃতি—এই বিষয়গুলিকে জনজাতিদের অস্তিত্বের প্রশ্ন বলে উল্লেখ করেন প্রদ্যোত কিশোর। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি তিপ্রাসা সমাজ গ্রহণ করে না।২০২৬ সালের রাজনৈতিক লক্ষ্য নিয়েও বক্তব্য রাখেন তিপ্রা মথা নেতা। তিনি জানান, ওই বছর জনজাতিদের সম্মান ও অধিকার পুনরুদ্ধারই হবে তাঁদের প্রধান লক্ষ্য। তিপ্রাসাদের দাবি ও সমস্যাগুলি দিল্লির দরবারে তুলে ধরতে পারলেই স্থায়ী সমাধানের পথ খুলবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।এডিসি নির্বাচনের আগে প্রদ্যোত কিশোর দেববর্মনের এই বক্তব্য যে জনজাতি রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল, তা বলাই বাহুল্য।.