রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক সফরে বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ত্রিপুরায় আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সফরের শুরুতেই তিনি রাজ্যের ঐতিহাসিক ও ধর্মীয় পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।জানা গেছে, বিকেল প্রায় ৪টার দিকে বিশেষ বিমানে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্যেই সরাসরি যাত্রা করবেন উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। পূজার্চনা শেষে তিনি সন্ধ্যার দিকে আগরতলায় ফিরবেন এবং রাতটি রাজধানীতে অবস্থান করবেন।রাজনৈতিক মহলের খবর, এই সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন আসামের মুখ্যমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিজেপির কোর কমিটির নেতারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি তিপ্রা মথার শীর্ষ নেতৃত্বের প্রতিনিধিরাও আলোচনায় যোগ দিতে পারেন—এমনই ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে।সফরসূচি অনুযায়ী, পরদিন ১৬ জানুয়ারি সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে তিনি ত্রিপুরা ত্যাগ করবেন এবং পুনরায় আসামের উদ্দেশ্যে রওনা হবেন। স্বল্পসময়ের সফর হলেও প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে শাসক দল এবং শরিক দলের মধ্যে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মতবিরোধ স্পষ্ট হওয়ায় এই সফরের তাৎপর্য আরও বেড়ে গেছে। চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে উত্তর–পূর্বের এক প্রভাবশালী মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা অনেকেরই।মহাকালীর পীঠে পূজা, এরপর রাজনৈতিক বৈঠক—সব মিলিয়ে হিমন্ত বিশ্বশর্মার এই দুই দিনের সফরকে ত্রিপুরার রাজনীতিতে বিশেষ প্রাসঙ্গিকতা দেওয়া হচ্ছে।