মন্ত্রীরউনকোটি জেলায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় বিরোধী রাজনৈতিক দলগুলিকে সংযম বজায় রাখার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি অভিযোগ করেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পরেও কিছু মহল পরিকল্পিতভাবে চাঁদা সংগ্রহ এবং উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।মন্ত্রী স্পষ্টভাবে জানান, কংগ্রেস ও সিপিআইএমের তরফে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুরের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। তাঁর বক্তব্য, বাস্তব পরিস্থিতি জানার প্রয়োজন হলে বিরোধীদের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখার আহ্বান জানানো হচ্ছে।এই প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে সুধাংশু দাস বলেন, কংগ্রেস দীর্ঘদিন ধরেই হিন্দু ও সনাতন ধর্ম বিরোধী রাজনীতি করে আসছে। তাঁর দাবি, কংগ্রেসের রাজনীতি শুধুমাত্র ভোটব্যাঙ্ককে কেন্দ্র করে আবর্তিত হলেও ভারতীয় জনতা পার্টি ভোটব্যাঙ্কের অঙ্ক কষে রাজনীতি করে না।ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান, এই অশান্তির সূত্রপাত চাঁদা সংক্রান্ত কোনো বিষয় নয়। একটি বাইক ও কাঠ বোঝাই একটি লরির মধ্যে সংঘর্ষের পর কাঠগুলি চোরাই কি না—এই প্রশ্ন ওঠে। সেই সময় মসব্বীর আলী নামে এক ব্যক্তি এসে কাঠগুলি তাঁর বলে দাবি করেন, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।মন্ত্রী আরও জানান, ঘটনার পর মসব্বীর আলীর পাড়ার কিছু লোক এসে স্থানীয় তিনজন ব্যক্তির উপর হামলা চালায়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সময় কেউ বা কারা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে ঢিল ছোড়ে, যা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।ঘটনায় মসব্বীর আলীর একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি ঘরে আগুন লাগে বলে জানান মন্ত্রী। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলেও জানান তিনি।বর্তমানে গোটা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে মন্ত্রী সুধাংশু দাস বিরোধী দলগুলিকে দায়িত্বশীল আচরণ করার এবং কোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।