মোহনপুর মণ্ডল কর্তৃক আয়োজিত অটল কাপ সিজন–২ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, খেলাধুলা, যোগা ও সংস্কৃতিই মাদকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিকে স্মরণ করেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।মন্ত্রী বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জীবনের এক গভীর দর্শন। অনেকেই মনে করেন রোগ না থাকলেই মানুষ সুস্থ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, যে ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে সুস্থ—তিনিই প্রকৃত অর্থে সুস্থ। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে একজন মানুষ নিজেকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাখতে পারে।তিনি আরও জানান, বর্তমানে ত্রিপুরায় মাথাপিছু আয় বেড়েছে, বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা, পর্যাপ্ত খাদ্য ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত হয়েছে। তবে রাজ্যের সামনে একটি বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, তা হলো মাদকাসক্তি।মন্ত্রী রতন লাল নাথ বলেন, মাদক থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো খেলাধুলা, সংগীত, নৃত্য, চিত্রকলা, সংস্কৃতি চর্চা ও যোগাভ্যাস। বর্তমান রাজ্য সরকার এই সমস্ত ক্ষেত্রের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।সংস্কৃতি রক্ষার প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করতে পারলে মাদক সমাজ থেকে অনেকটাই দূরে থাকবে। মাদক পাচারকারীরা সমাজকে ধ্বংস করছে এবং তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের অপরাধে অভিযুক্তদের আদালত থেকেও জামিন মিলবে না।যুবসমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ত্রিপুরার যুবকরা অত্যন্ত প্রতিভাবান। তাদের অবশ্যই খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যকলাপে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আধুনিক হওয়া জরুরি, তবে কখনোই নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গেলে চলবে না।শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। তিনি দাবি করেন, দীর্ঘ ৩৫ বছর সিপিআই(এম) শাসনকালেও রাজ্যের যথাযথ উন্নয়ন হয়নি। তবে আজ রাজ্যের সবচেয়ে বড় শত্রু হলো মাদক এবং এর থেকে দূরে থাকাই ত্রিপুরার ভবিষ্যৎ সুরক্ষার একমাত্র পথ।