মৌলবাদ এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলো বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। শনিবার কাকড়াবন থানার অন্তর্গত তুলামুড়া ফারি এলাকায় সিপিআইএম-ঘনিষ্ঠ চারটি সংগঠন—ডিওয়াইএফআই, ডিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ—এর উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল থেকে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বাম নেতৃত্বের অভিযোগ, সাম্রাজ্যবাদী শক্তির প্রত্যক্ষ মদতেই কট্টর মৌলবাদ বিশ্বজুড়ে মাথাচাড়া দিয়ে উঠছে এবং তার শিকার হচ্ছেন সংখ্যালঘুরা।বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে একের পর এক সংখ্যালঘু হত্যার ঘটনায় গোটা উপমহাদেশ উদ্বিগ্ন।
রাজ্যের মেধাবী ছাত্র অ্যাঞ্জেল চাকমা দেরাদুনে পড়াশোনার সময় জাতিগত বিদ্বেষের শিকার হয়ে খুন হন বলে দাবি করা হয়। তাঁর শারীরিক গঠনের ভিত্তিতে তাঁকে ‘চীনপন্থী’ আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। একইভাবে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের শিকার হয়ে খুন হন সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাস।
এমনকি শিশু আয়েশা খাতুনও মৌলবাদী হিংসার বলি হয়েছেন বলে দাবি করেন বক্তারা।বাম নেতারা বলেন, মৌলবাদ কোনও একটি ধর্ম বা দেশের সমস্যা নয়। হিন্দু বা মুসলিম—যে কোনও ধরনের মৌলবাদই সমাজের জন্য ভয়াবহ বিপদ।
এই বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তাঁরা।আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে বক্তারা ভেনিজুয়েলা ও প্যালেস্টাইনের পরিস্থিতির কথাও উল্লেখ করেন।
তাঁদের বক্তব্য, মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ এবং ইসরাইলি আগ্রাসন বিশ্বজুড়ে অস্থিরতা ও মানবিক সংকট বাড়িয়ে তুলছে।মিছিল থেকে রাজ্যজুড়ে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়।