ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলায় আজ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তর ত্রিপুরা জেলা আদালত আজ এই মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।আজ, ৩০ ডিসেম্বর, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হয় এই মামলার পাঁচ অভিযুক্তকে। শুনানি শেষে বিচারক অভিযুক্তদের ফের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদ্বীপ ভট্টাচার্য এবং পিউ ধর আগামী ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন।উল্লেখ্য, এর আগে আদালত অভিযুক্তদের ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। আজ সেই মেয়াদ শেষ হওয়ায় তাদের পুনরায় আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন।গত ১৪ ডিসেম্বর ধর্মনগরে প্রসেনজিৎ সরকারের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই গোটা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরপরই বিচার চেয়ে পথে নামে সাধারণ মানুষ, উত্তাল হয়ে ওঠে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন এলাকা।পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। ঘটনার মাত্র ১৪ দিনের মধ্যেই আসামের করিমগঞ্জ এবং ত্রিপুরার চুরাইবাড়ি এলাকা থেকে একে একে সমস্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৩(১) ধারায় খুনের অভিযোগসহ ৩২৯(৪), ১১৫(২) এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসেনজিৎ সরকারকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক হেনস্থা করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।এই মুহূর্তে রাজ্যের অন্যতম চর্চিত মামলা হিসেবে বিবেচিত হচ্ছে প্রসেনজিৎ সরকার মৃত্যু মামলা। আগামী ৯ জানুয়ারি আদালত এই মামলায় পরবর্তী কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ধর্মনগর সহ গোটা রাজ্য।