হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিট শেষ হওয়ার পর এক অনভিপ্রেত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষী এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের (টিপিএসসি) চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মার মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠান শেষ হওয়ার পর মন্ত্রী সুশান্ত চৌধুরী তার গাড়ি হোটেলের মূল প্রবেশপথে আনতে নির্দেশ দেন। তবে সেই সময় প্রবেশপথে টিপিএসসি চেয়ারম্যানের গাড়ি দাঁড়িয়ে থাকায় যান চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
মন্ত্রীর নিরাপত্তারক্ষী চেয়ারম্যানের গাড়িটি সরানোর অনুরোধ জানালে তা নিয়ে দু’পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।অভিযোগ উঠেছে, তর্কের একপর্যায়ে চেয়ারম্যান নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার কলার ধরে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় চেয়ারম্যান মদ্যপ অবস্থায় ছিলেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হোটেল কর্তৃপক্ষ দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর চেয়ারম্যান ও তার ছেলেকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ও শৃঙ্খলা সংক্রান্ত ব্যবস্থা আরও জোরদার করার কথাও প্রশাসনের তরফে জানানো হয়েছে।