আগরতলা–দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারকে কেন্দ্র করে নিউ জলপাইগুড়ি স্টেশনে এক যুবককে গ্রেফতার করেছে জিআরপি। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার জিআরপি–র এসওজি টিম ট্রেনটির জেনারেল কামরায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে আটক করে।
ধৃতের নাম এমডি একরাম আনসারী (২৭)। তিনি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তল্লাশি চালিয়ে তাঁর ব্যাগ থেকে একাধিক সিম কার্ড, দুটি ব্যাঙ্ক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, চারটি কালো প্যাকেটের মধ্যে লুকানো অবস্থায় উদ্ধার হয়েছে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা মূল্যের জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি জিআরপি ও এসওজি টিম। জাল নোটের উৎস, পাচার চক্রের বিস্তার এবং এর সঙ্গে যুক্ত অন্যদের পরিচয় জানতে তদন্ত জোরদার করা হয়েছে।