ত্রিপুরা চর্ম শিল্পী সমিতির ১১তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার ভানু স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।সম্মেলনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, বিজেপি শাসনকালে রাজ্যে রেগা ও টুয়েপের মতো কর্মসংস্থানমূলক প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।মানিক সরকার বলেন, “কাজ নেই, খাদ্য নেই—এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ চরম অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছে।”
তাঁর মতে, সরকারের ব্যর্থ নীতির কারণেই সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।চর্ম শিল্পীদের উদ্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পুরনো জুতা সেলাইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুনভাবে জুতো তৈরির উদ্যোগ নিতে হবে।
এই শিল্পকে আরও সুসংগঠিত করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকারের কাছে উপযুক্ত পরিকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানানোর আহ্বান জানান তিনি।সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত চর্ম শিল্পী, সমিতির সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে চর্ম শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।