ধর্মনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডেলিভারি কর্মীর উপর হামলার অভিযোগ সামনে এল। এবার ঘটনাটি ঘটেছে নারায়ণপুর বাজার এলাকায়। অভিযোগ অনুযায়ী, এক CISF জওয়ানের মারধরে গুরুতরভাবে আহত হয়েছেন রূপম সাহা নামে এক ডেলিভারি কর্মী। ঘটনার পর অভিযুক্ত জওয়ানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, নির্দিষ্ট একটি অর্ডার ডেলিভারি দিতে নারায়ণপুর বাজারে পৌঁছান রূপম সাহা। অর্ডারে উল্লেখ থাকা ঠিকানাতেই তিনি দাঁড়িয়ে গ্রাহকের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন। অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে অন্য একটি স্থানে গিয়ে ডেলিভারি দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। তবে কোম্পানির নিয়ম অনুযায়ী অর্ডারে উল্লিখিত ঠিকানা ছাড়া অন্য কোথাও ডেলিভারি দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানান রূপম। তিনি বিকল্প হিসেবে অফিস থেকে পণ্য সংগ্রহ করার পরামর্শ দেন।
এই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সংশ্লিষ্ট গ্রাহক, যিনি একজন CISF জওয়ান বলে অভিযোগ। প্রথমে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে দাবি ডেলিভারি কর্মীর। এরপর প্রকাশ্য বাজারে আচমকাই তার উপর হামলা চালানো হয়। অভিযোগ, জুতা দিয়ে পেটানোসহ বেধড়ক মারধর করা হয় রূপম সাহাকে। ঘটনায় বাজার এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হামলার পর আহত অবস্থায় রূপম সাহা এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ধর্মনগরে ডেলিভারি কর্মী প্রসেনজিতের মৃত্যুর ঘটনায় এখনও উত্তেজনা কাটেনি। তার মধ্যেই নারায়ণপুরের এই নতুন ঘটনা ফের একবার ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।