প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবআগরতলা:মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত পুনম দে-র চিকিৎসার জন্য ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এই সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলার পুরাতন আগরতলার পূর্ব চাম্পামুড়া এলাকার বাসিন্দা দেবল দে-র কন্যা পুনম দে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারটি আর্থিক সংকটে পড়ে। এই পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে সহায়তার আবেদন জানানো হলে, বিষয়টি দ্রুত সাংসদ বিপ্লব কুমার দেবের নজরে আসে।মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সাংসদ বিপ্লব দেব দ্রুত পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে পুনম দে-র চিকিৎসা সহায়তার জন্য আবেদন পাঠান। আবেদন পাওয়ার অল্প সময়ের মধ্যেই তা অনুমোদিত হয় এবং নির্ধারিত অর্থ চিকিৎসা সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়।এ প্রসঙ্গে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা অসহায়, অসুস্থ ও বিপন্ন মানুষের পাশে রয়েছেন। মানবিকতার প্রশ্নে তিনি কখনও আপস করেন না। পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে দেশজুড়ে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।” তিনি আরও জানান, এর আগেও বিভিন্ন রোগীর উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রায় প্রতিটি আবেদনই প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।এই আর্থিক সহায়তা পুনম দে-র চিকিৎসার ক্ষেত্রে বড়সড় স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকা পরিবারটির মধ্যে নতুন করে আশার আলো জেগেছে। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, পুনম দে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং এই আর্থিক সহায়তা তাঁর উন্নত চিকিৎসার পথ আরও সুগম করবে। এলাকাবাসীর মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের দ্রুত সহায়তা ও জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।উল্লেখ্য, পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড দেশের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই তহবিলের মাধ্যমে অসংখ্য মানুষ নতুন জীবন ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন।