দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বাসিন্দা প্লাবন ভৌমিকের কন্যা, দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুপ্রিতা ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে।
এই সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, সুপ্রিতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আবেদন তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সেই আবেদন অনুমোদিত হয়।
সাংসদ বিপ্লব কুমার দেব আরও উল্লেখ করেন, এর আগেও গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য যেসব অনুদান আবেদন পাঠানো হয়েছে, সেগুলির বেশিরভাগ ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত সহায়তা প্রদান করেছেন।
তিনি প্রধানমন্ত্রীকে পুনরায় ধন্যবাদ জানান এবং সুপ্রিতা ভৌমিকের দ্রুত আরোগ্য কামনা করেন।