ত্রিপুরায় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। রবিবার নোয়াগাঁও এলাকায় নিজ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এক জনসভা থেকে দলীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি সতর্কবার্তা দেন।
তিনি বলেন, প্রত্যেক প্রকৃত নাগরিকের নাম ভোটার তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং এ কাজে বি.এল.ওদের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে। অন্য রাজ্যে যে ধরনের অনিয়ম ঘটেছে, তা ত্রিপুরায় যেন না ঘটে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি।
সুদীপ রায় বর্মনের দাবি, ত্রিপুরা ছোট রাজ্য হওয়ায় সবাই সবাইকে চেনে। তাই প্রশাসন বা রাজনৈতিক চাপে পড়ে যদি কেউ অনিয়ম করার চেষ্টা করে, তাহলে তার কঠোর পরিণতি হবে।
এমনকি চাকরি হারানোর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।ভোটার তালিকা সংশোধন ও এস.আই.আর প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, দল স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা চায় এবং কোনও বিদেশির নাম যাতে তালিকায় না থাকে, সেদিকে দলের নজর থাকবে।
জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন যে কমিশন মোদিকে ভোট চুরিতে সহায়তা করছে এবং অন্যায়ভাবে ক্ষমতায় রাখার সহযোগিতা করছে। তবে ত্রিপুরায় এমন পরিস্থিতি হতে কংগ্রেস কর্মীরা প্রস্তুত রয়েছে বলে সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দেন তিনি।
ভোটার তালিকা সংশোধনকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি আরও তীব্র রূপ নিচ্ছে। সুদীপ রায় বর্মনের কড়া সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে যে কংগ্রেস এবার অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং স্বচ্ছ ভোটার তালিকার দাবি—সব মিলিয়ে আগামী দিনগুলোতে এই ইস্যু রাজ্যে আরও রাজনৈতিক বিতর্ক ও নজর কাড়বে।