এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও মজবুত করতে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ের কনফারেন্স হলে শনিবার গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছয়টি মন্ডলের প্রতিনিধিদের নিয়ে হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিত রুপিনী, এমডিসি ভূমিকা নন্দ রিয়াংসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। এদিনই ১৪টি পরিবারের মোট ৬১ জন ভোটার রেবতী ত্রিপুরার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।রেবতী ত্রিপুরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “লোক দেখানো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য—বেশি মানুষকে বিজেপির উন্নয়নের পথে যুক্ত করা।” তিনি আরও জানান, জনজাতি মোর্চার কর্মসূচি যাই হোক না কেন, এই যোগদান অনুষ্ঠানটি সম্পূর্ণ প্রদেশ বিজেপির উদ্যোগে।প্রাক্তন সাংসদ আসন্ন ১০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হতে চলা মেগা যোগদান সভা সম্পর্কেও নির্দেশ দেন। তার বক্তব্যে—যারা উপস্থিত থাকবেন তাদের নাম, বুথ, গাড়ির নম্বর এবং পরিবারের প্রধান সদস্যের পরিচয়সহ বিস্তারিত তালিকা তৈরি রাখতে হবে, যাতে বিরোধীরা যোগদান নিয়ে কোনো প্রশ্ন না তুলতে পারে।পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, *“মানুষ আজ বুঝতে পারছেন—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিপরা মথা অনেক প্রতিশ্রুতি দিলেও সেগুলি বাস্তবায়ন করতে পারেনি।”*এছাড়া তিনি অভিযোগ তোলেন, জনজাতি এলাকার উন্নয়নের জন্য ঘোষিত ৩৫–৪০ কোটি টাকার রাবার স্মোক হাউস প্রকল্পের কোনো অগ্রগতি নেই। একটিও স্মোক হাউস তৈরি হয়নি এবং এডিসি সরকার কেন্দ্র ও রাজ্যের দেওয়া অর্থের সঠিক হিসেব দিচ্ছে না বলে দাবি করেন তিনি।