আমতলী থানার অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রীসহ তিনজনকে ধরে উত্তেজিত জনতার হাতে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে দেবাশীষ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হয়েছে বলে সূত্রের খবর।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় নেশা ব্যবসা চালাচ্ছিল এক যুবতী ও দুই যুবক। বৃহস্পতিবার বিকেলে নেশা সামগ্রী নিয়ে তাদের ঘোরাফেরা করতে দেখে জনতা প্রথমে আটকায় এবং পরে উত্তেজিত ভিড়ের একটি অংশ তাদের মাথার চুল কেটে দেয়। অভিযুক্তদের জোর করে ভিডিও ধারণের অভিযোগও উঠেছে।ঘটনার খবর পেয়ে আমতলী থানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ জানায়, নেশার অভিযোগ নয়, চোর সন্দেহেই তাদের আটক করা হয়েছিল।এদিকে নির্যাতিতা যুবতী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে দেবাশীষ দে-কে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, যুবক-যুবতীর কাছ থেকে নেশা সামগ্রী ও ব্যবহারযোগ্য সিরিঞ্জও উদ্ধার হয়েছিল—যদিও এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ও নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।