আগরতলার স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশন (SARS)–এর কনফারেন্স হলে ১৮ ও ১৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে ন্যাচারাল ফার্মিং ও পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম (PGS) সার্টিফিকেশন নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। উদ্যোগে ছিল রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং (RCONF), ইম্ফল এবং আয়োজনে সহযোগিতা করে SARS, আগরতলা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি দফতরের সচিব শ্রী অপূর্ব রায়, আইএএস। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ড. উত্তম সাহা, জয়েন্ট ডিরেক্টর (রিসার্চ), SARS এবং ড. ভি. ওয়াই. দিওঘারে, রিজিওনাল ডিরেক্টর, RCONF। সচিব অপূর্ব রায়ের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।দুই দিনের এই কর্মশালায় প্রাকৃতিক কৃষির মূল নীতি, পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির সুবিধা, সার্টিফিকেশন কাঠামো, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, ঐতিহ্যবাহী কৃষি জ্ঞান পুনরুজ্জীবন, মানসম্মত বীজ সংরক্ষণ, বিপণন–প্রক্রিয়াকরণ এবং রোগ–পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে বিশদ আলোচনা করেন বিশেষজ্ঞরা। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলোও আলোচনায় উঠে আসে, যার উত্তর দেন উপস্থিত প্রশিক্ষকরা।কর্মশালায় কৃষি গবেষক, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা অংশ নেন। টেকসই কৃষি চর্চা ও ন্যাচারাল ফার্মিং-এর বিস্তারে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।