হকার উচ্ছেদ অভিযানকে ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। আগরতলা পুর নিগমের চলমান উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে সরব হলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, হকারদের জীবিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষেরও ফুটপাত দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে। এই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়েই পুর নিগম বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছে।বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, বাম আমলেই অবৈধভাবে পুর নিগম এলাকায় হকারদের বসতে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই একই সরকারের সময় কোনও রকম বিকল্প পুনর্বাসন ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়। অথচ আজ ক্ষমতায় ফেরার স্বার্থে তারাই এই ইস্যুতে রাজনৈতিক নাটক করছে।মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার আইন মেনে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার স্থায়ী সমাধান করতে চায়। যাতে একদিকে হকারদের জীবিকা সুরক্ষিত থাকে, অন্যদিকে শহরের স্বাভাবিক যান চলাচল ও পথচারীদের সুবিধাও বজায় থাকে।সরকারের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চললেও, প্রশাসনের দাবি— উন্নয়ন ও পুনর্বাসন দু’টিকেই সমন্বয় করেই পদক্ষেপ নেওয়া হবে।