তেলিয়ামুড়া প্রতিনিধি:তেলিয়ামুড়ার ক্রীড়া মানচিত্রে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। এলাকার খেলাধুলার পরিকাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে করুইলংস্থিত তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি ইনডোর স্টেডিয়াম। ইতিমধ্যেই নির্মাণকাজ শেষ পর্যায়ে পৌঁছেছে।বৃহস্পতিবার স্টেডিয়ামের অগ্রগতি খতিয়ে দেখতে নির্মাণস্থল পরিদর্শনে আসেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।পরিদর্শন শেষে ক্রীড়ামন্ত্রী জানান, এই স্টেডিয়াম চালু হলে তেলিয়ামুড়া ও খোয়াই জেলার খেলোয়াড়রা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পাবেন। এতে স্থানীয় ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের পথ আরও প্রশস্ত হবে।প্রশাসন সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যেই এই ইনডোর স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। স্টেডিয়ামটি চালু হলে গোটা এলাকার ক্রীড়া জগতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী ক্রীড়াপ্রেমী মানুষজন।