শিক্ষক স্বল্পতা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল বক্সনগর এলাকা। ইংরেজি শিক্ষিকাকে অন্যত্র ডেপুটেশনে পাঠানোর প্রতিবাদে শনিবার সোনামুড়া–বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদমপুর সিনিয়র বেসিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই অবরোধ, ফলে ব্যাহত হয় যান চলাচল।
জানা গেছে, বক্সনগর ব্লকের একাধিক স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট চলছে। এর আগেও কমলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধে নামেন। পরে স্কুল পরিদর্শকের আশ্বাসে সেই অবরোধ তুলে নেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে আদমপুর সিনিয়র বেসিক স্কুলের ইংরেজি শিক্ষিকা বৈশাখী পালকে কমলনগর বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। কিন্তু এতে নতুন করে ক্ষোভ ছড়ায় আদমপুর স্কুলে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রায় ১২০ জন পড়ুয়ার জন্য মাত্র চারজন শিক্ষিকা রয়েছেন। তার মধ্যে একমাত্র ইংরেজি শিক্ষিকাকে সরিয়ে নেওয়ায় পড়াশোনায় মারাত্মক সমস্যা তৈরি হয়েছে।
ছাত্র-ছাত্রীরা স্পষ্ট জানায়, বৈশাখী পালকে পুনরায় স্কুলে ফিরিয়ে না আনলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বক্সনগর ব্লকের স্কুল পরিদর্শক মহিম দেববর্মা। তিনি শিক্ষিকাকে পুনরায় আদমপুর স্কুলে রাখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় পড়ুয়ারা।
এদিকে অভিভাবকরাও রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং বিশেষ করে বক্সনগর এলাকার স্কুলগুলিতে শিক্ষক সংকট দূর করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।