১০ দিন ধরে নিখোঁজ প্রদীপ দেবনাথ, ছেলের ফেরার আশায় সাব্রুমের বৃদ্ধা মায়ের আকুতিসাব্রুমের মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের ৩৫ বছরের রাবার শ্রমিক প্রদীপ দেবনাথ নিখোঁজ হওয়ার দশ দিন কেটে গেলেও তার কোনো খোঁজ মিলছে না। একমাত্র ছেলের অনিশ্চিত খোঁজে অসহায় মা ভানুমতী দেবনাথ দিন কাটাচ্ছেন চোখের জলে আর বুকভাঙা আর্তনাদে।১৭ জানুয়ারি ভোরে কাজের উদ্দেশ্যে রাবার বাগানে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন প্রদীপ। আত্মীয় ও পরিচিতদের কাছে খোঁজ নিয়ে ব্যর্থ হয়ে পরিবার ১৯ জানুয়ারি মনুবাজার থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কোনও সুরাহা মেলেনি।এর মধ্যেই আসাম থেকে আসা একটি অজানা নম্বর থেকে ফোনে প্রদীপকে ফিরিয়ে আনার নাম করে টাকা দাবি করা হয়। পরিবার প্রতারকদের কথায় বিশ্বাস করে টাকা পাঠালেও পরে নম্বর বন্ধ হয়ে যায়। এতে উদ্বেগ আরও বেড়েছে।সংসারের ভরসার একমাত্র ব্যক্তি ছিলেন প্রদীপ দেবনাথ। বৃদ্ধা মা, স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে নিয়ে চলা তার সংসার এখন সম্পূর্ণ অনিশ্চয়তায়। সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে ভানুমতী দেবনাথ মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন—তার ছেলেকে যেন দ্রুত খুঁজে বের করা হয়।স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘদিন ধরে নিখোঁজ এই রাবার শ্রমিককে উদ্ধারে পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ নেবে? পরিবারটি এখন সরকারের দৃষ্টি আকর্ষণের অপেক্ষায়।