জেলা ভোক্তা আদালতের সভাপতির আচরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের ইঙ্গিত দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি আইনি জটিলতায় আটকে থাকলেও সরকার দেরি না করে ব্যবস্থা নেবে।মন্ত্রী বলেন,“একজন বিচারকের এমন স্বভাব বা আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আইনগত কিছু বাধা আছে ঠিকই, কিন্তু তা দ্রুত সমাধান হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকার বা সংশ্লিষ্ট দপ্তর এই ধরনের আচরণকে মোটেও প্রশ্রয় দেবে না।”বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিচারক গৌতম সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নেশাগ্রস্ত অবস্থায় নিয়মিত আদালতে উপস্থিত হতেন। শুধু তাই নয়—অফিস চেম্বারেই নাকি তিনি মদ্যপান করতেন। কর্মচারীরা দাবি করেছেন, নেশার ঘোরে তিনি স্টাফদের সঙ্গে অশোভন আচরণও করতেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই পরিস্থিতি সম্প্রতি প্রকাশ্যে আসতেই আদালত কর্মী ও আইনজীবী সমাজে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।আইনমন্ত্রকের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রের দাবি, অভিযোগের সত্যতা যাচাই এবং ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।