পূর্ব আগরতলা থানার উদ্যোগে দুটি পৃথক চুরির মামলা উন্মোচন করে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ।
একাধিক চুরি যাওয়া সামগ্রী—যার মধ্যে রয়েছে স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিকস ও অন্যান্য দ্রব্য—উদ্ধার করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
প্রথম ঘটনায়, আগরতলা টাউন হলের কাছে প্যালেস কম্পাউন্ড এলাকার বাসিন্দা মৌমিতা দেববর্মার বাড়িতে চুরি হয়।
অভিযোগ অনুযায়ী, চোরেরা বাড়িতে ঢুকে টেবিল ফ্যান, পাছড়া সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ কাঁটাখাল এলাকা থেকে সুরজ দেববর্মা নামে এক অভিযুক্তকে আটক করে। তাকে দুই দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়েছে।
দ্বিতীয় ঘটনায়, আগরতলার নয়নামুড়া লাড্ডু চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ ওঠে। তদন্তে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে রংয়ের কাজ চলাকালীন রংমিস্ত্রিরাই স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অভিযানের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্ত রংমিস্ত্রি ছাড়াও স্বর্ণালঙ্কার ক্রয়-বিক্রয়ে যুক্ত এক জুয়েলারিকেও আটক করেছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধারাবাহিক দুই অভিযানে সাফল্য পেয়ে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।