হেজামারা বৈদ্যুতিক উপ-বিভাগের সিমনা কাতলামারা এলাকায় নতুন বিদ্যুৎ মিটার বসানোর নাম করে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, এক স্থানীয় যুবক দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরের কর্মীর পরিচয় ভাঁড়িয়ে প্রতারণা চালিয়ে আসছে।স্থানীয়দের দাবি, কমল দেব নামে ওই যুবক নিজেকে মিটার রিডিং কর্মী হিসেবে পরিচয় দিয়ে বাড়ি ও দোকানপাটে পুরনো মিটার খুলে নতুন মিটার লাগানোর অজুহাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কাতলামারা বাজারের ব্যবসায়ী দীপঙ্কর সাহার কাছ থেকে নতুন মিটার স্থাপনের নামে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।এলাকাবাসীর বক্তব্য, এমন প্রতারণার শিকার হয়েছেন একাধিক গ্রাহক। বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং গ্রাহকদের একাংশ বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের তৎপর হস্তক্ষেপ দাবি করেন।ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তর এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে স্থানীয় মহলে দাবি উঠেছে—অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতারণার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।