অসম বিধানসভা নির্বাচন দ্বারপ্রান্তে। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই দেবী ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিতে ত্রিপুরা সফরে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার বিকেলে আগরতলার এমবিবি বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, “যেকোনো শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনকে সামনে রেখে প্রথমেই মায়ের দর্শনে এসেছি।”বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংক্ষিপ্ত অভ্যর্থনা পর্বের পরই তিনি রওনা দেন উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মন্দিরে।মন্দির প্রাঙ্গণে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে পুজো দেন অসমের মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “মায়ের মন্দিরে আসার জন্য আলাদা কোনো কারণ লাগে না। নতুন রূপে মাতাবাড়ি যে ভাবে সাজানো হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এতো সুন্দরভাবে মন্দির উন্নয়ন করার জন্য।”রাজনৈতিক আলোচনা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সফরের উদ্দেশ্য সম্পূর্ণ ধর্মীয়। তাঁর কথায়, “এই সফরে কোনো রাজনৈতিক আলোচনায় বসছি না। সামনে অসমের নির্বাচন, তাই আপাতত ত্রিপুরার রাজনীতি নিয়ে ভাবার সময় নেই। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অবশ্যই হবে।”দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সৌজন্য বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে কিছুটা আগ্রহ তৈরি হলেও হিমন্ত বিশ্বশর্মা জানান, আজকের সফর তাঁর ব্যক্তিগত আস্থার জায়গা মায়ের আশীর্বাদ গ্রহণের জন্যই।ত্রিপুরা সফরে তিনি রাতেই অবস্থান করবেন। শুক্রবার সকালে তিনি অসমের উদ্দেশে যাত্রা করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।