সোনামুড়ায় একটি স্কুলে ভাঙচুর এবং এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। অভিযুক্ত বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোমবার সোনামুড়া শহরে বিক্ষোভ মিছিল করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। মিছিলকে ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এসএফআই নেতৃত্বের অভিযোগ, ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনও অভিযুক্তের বিরুদ্ধে কোনো মামলা রুজু করেনি। সংগঠনের দাবি, সোনামুড়া থানার ভূমিকা অত্যন্ত রহস্যজনক এবং তারা কার্যত নীরব দর্শকের মতো আচরণ করছে। এত গুরুতর অভিযোগ সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মত আন্দোলনকারীদের।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই-এর একাধিক নেতা-কর্মী। সংগঠনের বিভাগীয় নেতা আনিসুর রহমান অভিযোগ করে বলেন, “একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে স্কুলে ভাঙচুর ও শিক্ষকদের প্রাণনাশের হুমকির মতো অভিযোগ ওঠার পরও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এটা প্রমাণ করে পুলিশ রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করেছে।” তিনি আরও বলেন, বদলি কিংবা প্রশাসনিক হয়রানির আশঙ্কায় শিক্ষকরা থানায় গিয়ে অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন না।
এসএফআই-এর পক্ষ থেকে আরও অভিযোগ তোলা হয় যে, এত বড় ঘটনার পরও শিক্ষক সমাজের তরফে প্রকাশ্যে কোনো প্রতিবাদ না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। শিক্ষকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি জানায়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং দোষীরা শাস্তির বাইরে থাকে, তাহলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র আকার নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়া এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।