ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়।ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই গণ অনশন ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির অন্তর্ভুক্ত। এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে জেলা ভিত্তিক এই অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের বার্ষিক রিপোর্টে যে চিত্র তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও সামঞ্জস্য নেই। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর পর এবার রাজ্য পুলিশের মহা নির্দেশককেও নিশানা করে তিনি অভিযোগ করেন, পুলিশ কর্তারা জনসমক্ষে ভুল তথ্য উপস্থাপন করছেন। এই পরিস্থিতিতে পুলিশের জন্য করুণা হয় বলেও মন্তব্য করেন তিনি।ফটিকরায়ের সাম্প্রতিক ঘটনা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্যে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন নিজেদের মর্যাদা রক্ষা করতেও ব্যর্থ হচ্ছে।এদিন অনশন মঞ্চ থেকে রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশেও আহ্বান জানান কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, মানুষের স্বার্থে কংগ্রেসের আন্দোলনে সামিল হয়ে অনশন মঞ্চে বসে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট বার্তা, অবিলম্বে মনরেগা পুনর্বহাল না হলে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে এবং বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে দল।