কমলাসাগর বিধানসভা এলাকার দীনদয়াল পঞ্চায়েত থেকে সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। জীবিত একজন ব্যক্তিকে কাগজে-কলমে মৃত দেখিয়ে ভুয়ো ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে পিতৃসম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শাসক দলের এক মণ্ডল সম্পাদিকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শংকর চক্রবর্তী।অভিযোগকারী শংকর চক্রবর্তীর দাবি, কমলাসাগর মণ্ডল সম্পাদিকা রীনা চক্রবর্তী, তাঁর স্বামী সুকুমার চক্রবর্তী এবং দেবর পঙ্কজ চক্রবর্তী যোগসাজশে তাঁকে মৃত দেখিয়ে ডেথ সার্টিফিকেট তৈরি করান। পরে সেই নথির ভিত্তিতে পৈতৃক সম্পত্তি নিজেদের নামে নামজারি করে নেওয়া হয়।শংকর চক্রবর্তী জানান, কর্মসূত্রে তিনি দীর্ঘদিন রাজ্যের বাইরে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফিরে পিতৃসম্পত্তি সংক্রান্ত আলোচনা করতে গিয়েই তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন। তখনই তাঁর সামনে আসে যে সরকারি নথিতে তাঁকে মৃত ঘোষণা করে সম্পত্তি হস্তগত করা হয়েছে।শুধু তাই নয়, শংকর চক্রবর্তীর অভিযোগ, ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁকে ভয়ভীতি দেখানো শুরু হয়। তাঁর দাবি, দা ও ছুরি নিয়ে হামলার চেষ্টাও করা হয়েছে। পাশাপাশি, বিষয়টি প্রকাশ্যে আনলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।নিজেকে সম্পূর্ণ অসহায় অবস্থায় পেয়ে অবশেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন শংকর চক্রবর্তী। তাঁর প্রশ্ন, কীভাবে একজন জীবিত মানুষের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো এবং প্রশাসনের নজর এড়িয়ে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হলো। তিনি প্রশাসনের কাছে ঘটনার পূর্ণ তদন্ত, পিতৃসম্পত্তি পুনরুদ্ধার এবং অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।এখন দেখার বিষয়, এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।