রাজ্যে শীতের প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় স্কুলগুলিতে শীতকালীন ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আবহাওয়া দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এডিসি (স্বশাসিত জেলা পরিষদ) এলাকার সমস্ত স্কুল আজ থেকে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
রাজ্যের অন্যান্য এলাকার স্কুলগুলিতে শীতের ছুটি ঘোষণা করা হবে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।মুখ্যমন্ত্রী আরও জানান, যদি শীতের তীব্রতা আরও বাড়ে এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই নেমে যায়, তাহলে রাজ্যের অন্যান্য বিদ্যালয়গুলিতেও ছুটি ঘোষণা করা হতে পারে।
তবে একই সঙ্গে পড়াশোনার ক্ষতি যাতে না হয়, সেই বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা যেমন জরুরি, তেমনই শিক্ষাব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে রাজ্য সরকারের এই অবস্থানের দিকে তাকিয়ে অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা এখন পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন।