প্রয়াত আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার পরিবারের পাশে দাঁড়াল নর্থ ইস্ট যুব কংগ্রেস। শুক্রবার নর্থ ইস্ট যুব কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল ঊনকোটি জেলার মাছমারা এলাকায় এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেয়।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন নর্থ ইস্ট যুব কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য যুব কংগ্রেসের একাধিক সদস্য।এই সময় সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব ভিডিও কলে এঞ্জেল চাকমার পিতার সঙ্গে কথা বলেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে যুব কংগ্রেস সর্বতোভাবে পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন।পরিবারের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের সদস্যরা জানান, যে কোনও প্রয়োজন ও আইনি লড়াইয়ে কংগ্রেস এবং যুব কংগ্রেস পরিবারকে পূর্ণ সহযোগিতা করবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুব কংগ্রেস নেতা নীলকমল সাহা জানান, বিজেপি শাসিত উত্তরাখণ্ডের দেরাদুনে গত ৯ ডিসেম্বর সংঘটিত ভয়াবহ হামলার পর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ ডিসেম্বর মৃত্যু হয় ত্রিপুরার ঊনকোটি জেলার কৃতি আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমার।
ওই হামলায় এঞ্জেলের ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতরভাবে আহত হন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন।নীলকমল সাহা এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, উগ্র হিন্দুত্ববাদী শক্তির মদতেই এই ধরনের বর্বর হামলার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায় যুব কংগ্রেস।