আগরতলা–ধর্মনগর–আগরতলা এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং ৫৫৬৭৫/৫৫৬৭৬) পুরনো আইসিএফ রেকের পরিবর্তে আধুনিক এলএইচবি রেক সংযোজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় সাংসদ বিপ্লব দেব জানান, এই গুরুত্বপূর্ণ রেল আপগ্রেডেশনের ফলে যাত্রীদের জন্য ভ্রমণ আরও আরামদায়ক, নিরাপদ এবং আধুনিক হয়ে উঠবে। এলএইচবি রেক সংযোজন যাত্রী পরিষেবার মান উন্নত করার পাশাপাশি রেল চলাচলে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যও বহুগুণ বাড়াবে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, পূর্ব ভারতের রেল পরিকাঠামোকে শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে কেন্দ্র সরকারের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে এবং অঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাও নতুন গতি পাবে।