বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ বাজার আজ ছিল উৎসবমুখর। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বাজার চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে যোগ দেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও রাজ্যের অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা।মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেবতী ত্রিপুরা তিপরা মথার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান।
সংবিধান, গ্রেটার তিপরাল্যান্ড দাবির বাস্তবতা, এডিসিতে পেনশন বঞ্চনা এবং আর্থিক অনিয়ম—একাধিক বিষয়ে তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে সমালোচনায় কটাক্ষ করেন।রেবতীর অভিযোগ, “প্রদ্যুৎ বাবু সংবিধানের কথা বললেও বাস্তবে তার মূল্যবোধকে সম্মান করেন না।
বিভ্রান্তিকর রাজনীতি আর বরদাস্ত করা হবে না।” গ্রেটার তিপরাল্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, “এটি জনমানসে অবাস্তব স্বপ্ন দেখিয়ে সমর্থন আদায়ের রাজনীতি।”এডিসিতে আর্থিক বিশৃঙ্খলা ও পেনশন বঞ্চনার অভিযোগও তিনি প্রকাশ্যে তোলেন।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সরে এসে মোট ২০১ জন ভোটার—৫২টি পরিবার—বিজেপিতে যোগ দেন।
তাদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান রেবতী ত্রিপুরা। তিনি বলেন, দেশজুড়ে বিজেপির বিজয় উন্নয়নের প্রতি মানুষের আস্থা প্রমাণ করছে। বিহারের জয় ত্রিপুরাতেও নতুন দিশা এনে দিয়েছে।”উৎসবমুখর পরিবেশে সমাবেশ শেষ হলেও বিজেপি নেতৃত্ব জানায়, এই সাফল্যকে সামনে রেখে দল আগামী দিনে আরও সংগঠিতভাবে এগিয়ে যাবে।