আসন্ন পাহাড় নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরার বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। এরই অংশ হিসেবে ২২ কাঁঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন আইপিএফটি মনোনীত প্রার্থী বিপুল দেববর্মা।রবিবার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকাজুড়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি চালান। গ্রাম থেকে পাহাড়ি অঞ্চল—সব জায়গাতেই পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দলীয় বার্তা তুলে ধরেন। স্থানীয়দের সমস্যার কথা শোনার পাশাপাশি উন্নয়ন ও জনজাতি স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিও দেন তিনি।দলীয় সূত্রে দাবি, প্রচারের শুরু থেকেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। বিভিন্ন গ্রাম ও পাহাড়ি এলাকায় আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ আইপিএফটির কেন্দ্রীয় কমিটির অ্যাডভাইজারি চেয়ারম্যান মানিক ত্রিপুরা সহ একাধিক নেতা-কর্মী। তাদের উপস্থিতিতে কর্মসূচিতে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়।নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই এই কেন্দ্রে আইপিএফটির প্রচার আরও গতি পাবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব।