সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে সবাই বাইরে থাকায় এক নির্মাণকর্মী সুযোগ নিয়ে ওই নাবালিকার ওপর হামলে পড়ে। আকস্মিক পরিস্থিতিতে ভয়ে ছাত্রীটি বাড়ি থেকে বেরিয়ে বাথরুমে আশ্রয় নিয়ে কোনওরকমে নিজেকে রক্ষা করে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জহর মিয়া (৫০)। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রীর বাড়ির পাশেই দেওয়াল নির্মাণের কাজ করছিলেন। ঘটনার দিনও তিনি কাজের অজুহাতে বাড়ির আশপাশে অবস্থান করেছিলেন বলে অভিযোগ। নাবালিকা বাড়িতে একা আছে বুঝতে পেরে তিনি হঠাৎ ঘরে ঢুকে তাকে জোর করে নির্যাতনের চেষ্টা করেন।ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এবং ঠাকুরমা ছুটে এলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তৎপরতা শুরু করে।সোনামুড়া থানার সূত্রে জানা গেছে, অভিযুক্ত এখনো পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ টিম গঠন করে অনুসন্ধান চালানো হচ্ছে।