সড়ক দুর্ঘটনা আর শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই—এটি আজ এক গুরুতর জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। দুর্ঘটনায় অকাল মৃত্যু ও মানবসম্পদের অপূরণীয় ক্ষতির পাশাপাশি বহু পরিবার সর্বস্বান্ত হয়ে পড়ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে পথচারীদের সুরক্ষা ও মানবিক উদ্যোগকে উৎসাহিত করতে পরিবহণ দপ্তরের উদ্যোগে “রাহ-বীর (সুনাগরিক প্রকল্প)” শীর্ষক এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে যাঁরা সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই সুনাগরিকদের সম্মানিত করা হয়।অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী দুর্ঘটনায় আহতদের উদ্ধারকারী সুনাগরিকদের হাতে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার ও সম্মাননাপত্র তুলে দেন।
তাঁদের মহৎ ও অনুপ্রেরণামূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, “দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দ্রুত সহায়তা পৌঁছাতে পারলে বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব।”
তিনি আরও জানান, রাহ-বীর প্রকল্প সাধারণ মানুষকে ভয় ও দ্বিধা কাটিয়ে দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। এর ফলে সমাজে মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিক, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।