ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন বিএসএফের এক জওয়ান। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।
তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছে সূত্র।বৃহস্পতিবার নিয়মিত টহলদারির সময় হঠাৎই গুলিবিদ্ধ হন ওই জওয়ান। তবে ঠিক কোন দিক থেকে এবং কী পরিস্থিতিতে গুলি চালানো হয়, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সহকর্মী বিএসএফ জওয়ানরা দ্রুত বিপিন কুমারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত বিএসএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গুলিবর্ষণের পেছনে অনুপ্রবেশ, চোরাচালান সংক্রান্ত কোনও ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।এই ঘটনার পর সীমান্তে কর্তব্যরত জওয়ানদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে এলে ভবিষ্যতে এমন ঘটনা রোধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।