রাজ্যে এক ডেলিভারি কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালীবাজার সংলগ্ন সর্দার পাড়া এলাকায়।
নিহত যুবকের নাম প্রবীর শীল (২১)। তিনি জোমাটো সংস্থার ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে প্রবীর বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তাঁর বাবা ছেলের মোবাইল নম্বরে ফোন করেন।
ফোনটি রিসিভ করে এক অচেনা যুবক জানায়, কয়েকজন মিলে প্রবীরকে মারধর করছে এবং তাকে চা বাগান এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংবাদ পেয়ে প্রবীরের বাবা তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন।ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
কিছু সময় পর সর্দার পাড়া এলাকায় প্রবীরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তখন তিনি প্রায় অচেতন ছিলেন।পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর প্রবীর কিছুটা সুস্থ অবস্থায় কয়েকজন অভিযুক্তের নাম জানাতে সক্ষম হন।
তিনি বলেন, পরিচিত কয়েকজন ফোন করে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। পরে এক যুবক এসে প্রবীরের বাবার হাতে তাঁর ভাঙা মোবাইল ফোনটি দিয়ে যায় বলেও পরিবারের দাবি।চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয় প্রবীর শীলের।
মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, লোহার রড বা কোনো শক্ত বস্তু দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে।
সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জিবি হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে প্রবীরের বাবা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে।