ইন্দো–বাংলা আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারবিহীন এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং বক্সনগর এলাকার সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার সারাদিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যপাল বক্সনগর ব্লকে পৌঁছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রথমে তিনি বক্সনগর ব্লকের অন্তর্গত দয়ালপাড়া ঝড়াজলা স্কুল মাঠে ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল, পুলিশ সুপার বিজয় দেববর্মা, বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান আয়োজকেরা। এরপর স্বাগত ভাষণে জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ জেসওয়াল সোনামুড়া মহকুমার বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং সীমান্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভার মধ্যভাগে দুটি মনোজ্ঞ উপজাতি নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। পরে স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিদ্যমান সমস্যাগুলি নিয়ে বক্তব্য রাখেন।সভায় রাজ্যপাল তাঁর বক্তব্যে জানান, সীমান্তবর্তী কাঁটাতারবিহীন এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেই বাস্তব পরিস্থিতি বোঝার উদ্দেশ্যে তিনি বক্সনগর সফরে এসেছেন। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা যাচাই করাই এই সফরের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি নির্দেশ দেন, যাতে সরকারি সুযোগ–সুবিধা দ্রুত, স্বচ্ছ ও সঠিকভাবে প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া হয়।সভা শেষে রাজ্যপাল বক্সনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।রাজ্যপালের এই সফর সীমান্ত এলাকার নিরাপত্তা ও উন্নয়ন প্রসঙ্গে প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।