একইসঙ্গে প্রেমিক যুগলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রাপুর থানাধীন এলাকায়। বুধবার সকালে যাত্রাপুর থানার অন্তর্গত মাছিমা লুদ্দামুড়া এলাকার দক্ষিণ পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গুয়ামুড়া পাড়ার একটি ছড়ার পাশ থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাকেশ মিয়া। তিনি ধনপুর বিধানসভা এলাকার উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাড়া বাজারে সেলুনের কাজ করতেন। তাঁর বাড়ি উদয়পুর মহকুমার মাথাবাড়ি বিধানসভা এলাকার গঙ্গাছড়া গ্রামে। মৃত তরুণীর নাম নিশা মল্লিক, তিনিও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই রাকেশ ও নিশার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে স্থানীয়রা একটি ছড়ার পাশে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাপুর থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে।
যাত্রাপুর থানার পুলিশ জানিয়েছে, মৃত্যুর ধরন অস্বাভাবিক এবং ঘটনাস্থলের পরিস্থিতি বেশ রহস্যজনক। ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
যাত্রাপুর থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।