পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক স্তরে বড় সিদ্ধান্ত নিল জাতীয় কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুমোদনে পশ্চিমবঙ্গের জন্য এআইসিসি-র সিনিয়র অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ও বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে।দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা, নির্বাচনী রণকৌশল চূড়ান্ত করা এবং রাজ্যজুড়ে দলীয় কার্যক্রমের ওপর নজরদারির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তিনি। নির্বাচনের আগে তৃণমূল স্তর থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত দলের মধ্যে সমন্বয় বাড়ানোই তাঁর মূল লক্ষ্য হবে বলে জানা গেছে।এআইসিসি সূত্র আরও জানিয়েছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের আরও কয়েকটি রাজ্যেও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিনিয়র অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী প্রস্তুতিতে কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা আরও জোরদার করা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংগঠক হিসেবে পরিচিত সুদীপ রায় বর্মণের এই নিয়োগ পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাংগঠনিক কাঠামোকে নতুন করে চাঙ্গা করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে দুর্বল অবস্থানে থাকা রাজ্য কংগ্রেসকে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।