উত্তরাখণ্ডের দেরাদুনে ৯ ডিসেম্বর সংঘটিত এক ভয়াবহ হামলার ঘটনায় গুরুতর আহত ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারা এলাকার আদিবাসী ছাত্র এঞ্জেল চাকমা শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় তাঁর ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলটির পক্ষ থেকে নিহত এঞ্জেল চাকমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
কংগ্রেসের অভিযোগ, উগ্র হিন্দুত্ববাদী হামলার শিকার হয়েই এঞ্জেল চাকমাকে প্রাণ দিতে হয়েছে। দলটি দাবি করেছে, এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি নিহত ছাত্রের পরিবারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
এছাড়াও কংগ্রেস রাজ্য সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।ত্রিপুরা কংগ্রেসের এক মুখপাত্র বলেন, দেরাদুনের এই ঘটনা বিচ্ছিন্ন নয়।
দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে থাকা সম্প্রদায়ের শিক্ষার্থী এবং তরুণরা ক্রমাগতভাবে বর্ণ, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক হামলার শিকার হচ্ছেন।
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।এই প্রেক্ষাপটে কংগ্রেস দল কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ‘রাজধর্ম’ পালনের আহ্বান জানিয়ে এ ধরনের হিংসার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।